tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিদক্ষিণ কোরিয়ায় ৯৭% পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ায় ৯৭% পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই হয়েছে। এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা পাবে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও এ সুবিধা বহাল থাকবে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন। পরে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাংলাদেশি রপ্তানিপণ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাজারে তাদের ৮৭ শতাংশ পণ্যে শুল্কসুবিধা পাবে।

যেসব বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে

দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের তৈরি পোশাক (নিট ও ওভেন), হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য এবং সিরামিক পণ্য।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত কৃষিপণ্য, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য, খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য এ সুবিধার আওতায় আসবে।

দ্বিপক্ষীয় বাণিজ্যের চিত্র

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয় প্রায় ৪৯১ দশমিক ৭৩ মিলিয়ন ডলারের পণ্য, আর দক্ষিণ কোরিয়া থেকে আমদানি হয় প্রায় ৯০২ দশমিক ৯০ মিলিয়ন ডলারের পণ্য। ফলে বর্তমানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৪১১ মিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রীদের বক্তব্য

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশের সঙ্গে অল্প সময়ের মধ্যে সিইপিএ সই করতে পেরেছে বাংলাদেশ। তাঁর ভাষ্য, এ চুক্তি রপ্তানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে উচ্চ প্রবৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হানকু বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের। ভবিষ্যতে পণ্য বহুমুখীকরণ, প্রযুক্তি সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, নতুন চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আরও আগ্রহী হবে।