দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
এ নিয়ে টানা আট দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমল। এই আট দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা সপ্তম দফায় স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি। ওই দিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।



