ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছেন। এবার একটি হিব্রু শব্দের ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
সম্প্রতি স্পেনের দ্বীপ মায়োর্কায় পরিবারের সঙ্গে ছুটি কাটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জর্জিনা। ভিডিওটির ক্যাপশনে তিনি হিব্রু ভাষায় লেখেন ‘সুস্থ’।
পোস্টটি প্রকাশের পরপরই নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, কেন তিনি হিব্রু ভাষা ব্যবহার করেছেন।
মন্তব্যে কেউ লেখেন, ‘তুমি তো প্যালেস্টাইনও লিখতে পারতে’, আবার কেউ প্রশ্ন করেন, ‘হিব্রুতে কেন?’ কেউ কেউ রোনালদোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নও করেন।
তবে রোনালদো ও জর্জিনার পারিবারিক মুহূর্ত নিয়ে এর আগেও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। কয়েক দিন আগে রোনালদো নিজের শৈশবের একটি ছবির সঙ্গে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়োর্কার সৈকতে তোলা একই ধরনের একটি ছবি প্রকাশ করেন। সেটিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
জর্জিনার এবারের পোস্টের সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের পরবর্তী সময়ের একটি ঘটনাও আলোচনায় এসেছে। ওই বছরের ১১ অক্টোবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজার এক শিশুর ছবি দিয়ে একটি স্টোরি প্রকাশ করেছিলেন। অনেকে সেটিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে ব্যাখ্যা করেন।
পরে সমালোচনার মুখে সেই স্টোরি সরিয়ে তিনি নতুন একটি পোস্ট দেন। সেখানে আহত এক ইসরায়েলি শিশুর ছবি ও গাজার ওই শিশুর ছবি পাশাপাশি দিয়ে শান্তির আহ্বান জানান।
হিব্রু ভাষায় একটি শব্দের ব্যবহারকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন জর্জিনা রদ্রিগেজ।



