দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জনে।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১ লাখ ১২ হাজার ৬৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।



