tanaka
প্রচ্ছদজাতীয়টোকিওতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রিন্সেস তাকামাদোর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

টোকিওতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রিন্সেস তাকামাদোর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে তিনি জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (২৮ অক্টোবর) দিনের শুরুতে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় ক্লিনিকের আধুনিক চিকিৎসাপ্রযুক্তি, উন্নত রোগনির্ণয় ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

ক্লিনিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেখানে বিশ্বের মাত্র পাঁচটি উন্নত সিটি স্ক্যানারের একটি রয়েছে। পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান পিইটি-সিটি, এমআরআইসহ বিভিন্ন আধুনিক রোগনির্ণয় সুবিধা এবং চিকিৎসাসেবায় ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও বিস্তারিত ধারণা নেন।

পরে তিনি টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার ‘হংগো’ পরিদর্শন করেন। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের পরিচর্যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কেও তিনি অবগত হন।

দুপুরের খাবারের পর ডা. জুবাইদা রহমান যান ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়ামে। সেখানে তিনি জাপানের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।

দিনের শেষভাগে তিনি সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।

জাপান সফরের অংশ হিসেবে তাঁর এসব কর্মসূচিতে দেশটির স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।