নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়ে সমালোচকদের উদ্দেশে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে বাঁধন জানান, সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। তবে গল্পের প্রতি আগ্রহ এবং নির্মাতা ও পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতা তাঁকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে।
তিনি লেখেন, এই সিনেমায় কাজ করতে রাজি হওয়াটা তাঁর জন্য কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু গল্পটি তাঁর ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ।
নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বাঁধন বলেন, বিভিন্ন পরিচালক ও প্রযোজনার সঙ্গে কাজ করতে গিয়ে তিনি নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ভালো ও কঠিন—দুই ধরনের অভিজ্ঞতাই তাঁকে আজকের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “আমার বিল কেউ পরিশোধ করে না, আমার জীবনও কেউ আমার হয়ে বাঁচে না।” তাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। নিজের জীবনে যাঁদের পরামর্শ তিনি বিশ্বাস করেন, তাঁদের মতামতকেই গুরুত্ব দেন বলে জানান।
পোস্টের শেষাংশে বাঁধন লেখেন, তিনি নিজের জীবন নিয়ে সুখী এবং সময়ের সঙ্গে আরও এগিয়ে যাওয়ার আশাবাদী।
উল্লেখ্য, সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের ঘোষণা দেন বাঁধন। এরপর থেকেই সিনেমাটি ও তাঁর সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।



