সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। এতে দুই সাংবাদিকসহ রোগীর এক নারী স্বজন ও আরও কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসাসেবা বন্ধ রাখায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং চরম দুর্ভোগে পড়েন রোগী ও তাঁদের স্বজনরা।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মঈনুল জাকির।
আহত দুই সাংবাদিক হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেট ভিউয়ের প্রতিবেদক নিবেন্দু তালুকদার।
চিকিৎসাসেবা বন্ধ, দুর্ভোগে রোগীরা
ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ করে দিলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন রোগী ও তাঁদের স্বজনরা। পরিস্থিতির কারণে অনেক স্বজন তাঁদের রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন। এতে অসুস্থ রোগীদের চিকিৎসা নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
মৌলভীবাজারের শমশেরনগর থেকে আসা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে কোনো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। চোখের সামনে রোগী ছটফট করছেন। বাধ্য হয়ে অন্য হাসপাতালে চলে যাচ্ছি।’
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে আসা আরেক রোগীর স্বজন জানান, সংঘর্ষের সময় তাঁদের ওপর হামলা চালানো হলে এক নারী আহত হন। এর মধ্যে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
ভিডিও ধারণ করতে গিয়ে আহত দুই সাংবাদিক
আহত সাংবাদিক রেজা রুবেল বলেন, রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ঝামেলা শুরু হলে তাঁরা ভিডিও ধারণ করতে যান। এ সময় চিকিৎসকরা তাঁদের মারধর করেন এবং তাঁর মাথা ফাটিয়ে দেন। বর্তমানে তাঁরা হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে রয়েছেন এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ
কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মঈনুল জাকির বলেন, ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ চলাকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাংবাদিকদের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আলটিমেটাম দেওয়া হয়।



