জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকর, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে গণবিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকরা। এতে মিরতিংগা চা বাগানসহ আশপাশের বিভিন্ন বাগানের শ্রমিক, শিক্ষার্থী-যুবক ও স্থানীয় নেতারা অংশ নেন।
মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে এবং ইমরান নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক নেতা জনক লাল দেশোয়ারা (জনি), শমশেরনগর চা বাগানের ছাত্রনেতা গোপাল যাদব, জগদীশ বাউরী, দেওরাছড়া চা বাগানের ছাত্রনেতা অনুরাগ কর্মকার রাজু, গিয়াসনগর চা বাগানের ছাত্রনেতা মুমিন আহমেদ এবং চা-ছাত্র যুব পরিষদ মনু-ধলই ভ্যালীর যুগ্ম আহ্বায়ক মানিক প্রসাদ পাল।
বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকার দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
তারা অভিযোগ করেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তা দেশের চা শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন লাইন চৌকিদার সুজন মাল, মহিলা দফার সর্দারনি নিয়তি গৌর, গীতা পাইনক্কাসহ বিভিন্ন চা বাগানের শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



