আজ শুক্রবার (৩১ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন। স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান এবং ব্যাংক-বিমা বন্ধ থাকায় রাজধানীর সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম। এর প্রভাবে আজ ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি দেখা গেছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১১টা ১৯ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৬৪। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা, আর ঢাকা ছিল ৪১তম অবস্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।



