tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ নাগরিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম বড় ধরনের জাতির উদ্দেশে ভাষণ।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ, নাগরিক সমাজ, ধর্মীয় সম্প্রদায়, ধর্মীয় নেতা, রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমকে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা দূর করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ

কর্মকর্তারা জানান, রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো ও ধর্মীয় পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুই ব্যক্তি নিহত হন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে। এদিকে বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ চলাকালে একটি বিক্ষোভে আরও একজন নিহত হন।

কারফিউ জারি

নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী বলেন, সংঘর্ষের ঘটনা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করা হবে। তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন, তাদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, সব পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের সম্পদ রক্ষা এবং যতটা সম্ভব কম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু। তবে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

সূত্র: আল-জাজিরা