পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ আর্থিক প্রতিষ্ঠান ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স এবং আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। অন্যদিকে ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএসএল) লোকসানে রয়েছে।
কোম্পানিগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
আইপিডিসি ফাইন্যান্স
প্রকাশিত তথ্য অনুযায়ী, আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৪৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। এসময় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ১২ পয়সা। কোম্পানিটির ৩০ জুন ২০২৬ শেষে পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৭ টাকা। পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি বেড়ে হয়েছে ১৬ টাকা ১ পয়সা, যা আগে ছিল ১৬ টাকা।



