নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি ছিলেন গোবিন্দা ও কারিশমা কাপুর। ‘হিরো নং ১’, ‘কুলি নং ১’, ‘রাজা বাবু’সহ একাধিক সুপারহিট সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তারা। তবে একসময় হঠাৎই একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন এই দুই তারকা। এতদিন পর সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী শাগুফতা আলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিরো নং ১’ সিনেমায় গোবিন্দা-কারিশমার সহশিল্পী শাগুফতা আলি তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। কারিশমা সম্পর্কে তিনি বলেন, অভিনেত্রী ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও নিজের কাজের প্রতি নিবেদিত। তবে তার আচরণে কিছুটা জেদ ও উচ্চাকাঙ্ক্ষা ছিল বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে গোবিন্দা সম্পর্কে শাগুফতা বলেন, তিনি প্রায়ই শুটিং সেটে দেরিতে আসতেন। তবে ব্যক্তি হিসেবে গোবিন্দা ছিলেন অত্যন্ত উদার ও বড় মনের মানুষ।
গোবিন্দা-কারিশমার জনপ্রিয় জুটি কেন ভেঙে গেল—এমন প্রশ্নের জবাবে শাগুফতার দাবি, সময়ের সঙ্গে তাদের একসঙ্গে কাজ করার আগ্রহ কমে যায়। পাশাপাশি কারিশমার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও জেদও এর পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন একই জুটিকে পর্দায় দেখতে দেখতে দর্শকদের মধ্যেও এক ধরনের একঘেয়েমি তৈরি হয়েছিল বলে জানান এই অভিনেত্রী।
একসময় গোবিন্দা ও কারিশমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল। এ প্রসঙ্গে শাগুফতা বলেন, বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট ছিল। যদিও তারা কেউই কখনো প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি।
গোবিন্দার স্ত্রী সুনীতা এ বিষয়ে জানতেন কি না—এমন প্রশ্নের উত্তরে শাগুফতা বলেন, তার ধারণা, সুনীতা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তবে তিনি কখনো সেটে বা প্রকাশ্যে এ নিয়ে কোনো বিতর্ক তৈরি করেননি; বরং পুরো বিষয়টি অত্যন্ত মার্জিতভাবে সামলেছেন।
এদিকে শাগুফতা আলির এসব মন্তব্য নিয়ে এখনো গোবিন্দা, কারিশমা কাপুর কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



