tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনরাম-সীতার গায়ে হলুদের দৃশ্য, নাকি রাজ্যাভিষেক? ‘রামায়ণ’–এর গান ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক

রাম-সীতার গায়ে হলুদের দৃশ্য, নাকি রাজ্যাভিষেক? ‘রামায়ণ’–এর গান ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক

নিতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর নতুন গান ‘মঙ্গল রঙ’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। গানটির একটি দৃশ্যে ভগবান রামের গায়ে হলুদ লাগানোর মতো মুহূর্ত দেখা যাওয়ায় দর্শকদের একাংশের মনে প্রশ্ন উঠেছে—এটি কি বিয়ের আগের গায়ে হলুদের অনুষ্ঠান, নাকি রামের রাজ্যাভিষেকের প্রস্তুতি?

রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত গানটিতে রাম ও সীতার পবিত্র সম্পর্ক এবং তাঁদের ভালোবাসার চিত্র তুলে ধরা হয়েছে। গানটির সুর করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।

গানের আলোচিত দৃশ্যটিতে রামচন্দ্রের পাশে মা সীতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যের ব্যাখ্যা নিয়েই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে মতভেদ। নেটিজেনদের একাংশের প্রশ্ন, বিয়ের আগে বরের গায়ে হলুদের অনুষ্ঠানে কনের উপস্থিতি কেন থাকবে? তাঁদের যুক্তি, প্রচলিত হিন্দু বিয়ের অনেক রীতিতে বর ও কনের গায়ে হলুদের আয়োজন আলাদাভাবে করা হয়। সে কারণে দৃশ্যটি বিয়ের অনুষ্ঠানের অংশ কি না, তা নিয়ে তাঁরা সন্দেহ প্রকাশ করেছেন।

তবে অন্য একদল দর্শকের দাবি, দৃশ্যটি গায়ে হলুদের নয়; বরং রামের রাজ্যাভিষেকের আয়োজনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাঁদের মতে, রামায়ণের কাহিনিতে রাজ্যাভিষেকের প্রস্তুতির সময় রাম ও সীতার সাজপোশাকের সঙ্গে গানের দৃশ্যটির মিল রয়েছে। তাই পুরো ঘটনা না জেনে এটিকে বিয়ের আনুষ্ঠানিকতা হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না বলে মনে করছেন তাঁরা।

তবে আলোচিত দৃশ্যটির প্রকৃত তাৎপর্য এখনো নিশ্চিত নয়। এটি গায়ে হলুদের আয়োজন, নাকি রাজ্যাভিষেকের প্রস্তুতি—তা জানতে সিনেমার পূর্ণাঙ্গ কাহিনি ও প্রেক্ষাপট দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া ছবিতে অভিনয় করেছেন যশ, সানি দেওল, রবি দুবে, লারা দত্ত ও রাকুল প্রীত সিং। সিনেমাটি আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন গানকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।