tanaka
প্রচ্ছদজাতীয়আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইজিপি সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে কথা বলতে গিয়ে অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না এবং কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও বরদাশত করবে না। সরকারের অনুমতি পেলে ক্রসফায়ার করা হবে—আইজিপির এমন বক্তব্য সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘উনি (আইজিপি) সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকার ক্রসফায়ার চায় না। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না, এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) সহ্য করবে না। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে যা যা দরকার, সরকার সব করবে।’

তিনি আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। সেই নীতি সমুন্নত রাখা জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

আইজিপির এ বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর এক ব্যাখ্যায় জানায়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার পক্ষে কথা বলতে চাননি। আইন মেনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাই তিনি বোঝাতে চেয়েছেন।

এদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে বলেছে, আইজিপির বক্তব্যকে বিদ্যমান আইন ও বিধিবিধানের পরিপ্রেক্ষিতে বুঝতে হবে।

বিবৃতিতে সংগঠনটি জানায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পুলিশের আত্মরক্ষার প্রয়োজনীয়তা ও সক্ষমতা তুলে ধরাই ছিল আইজিপির বক্তব্যের মূল উদ্দেশ্য। অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান বোঝাতে তিনি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন।

তাই বক্তব্যটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘোষণা কিংবা আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার অবস্থান হিসেবে ব্যাখ্যা না করে সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।