২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে জ্বালানি বিক্রি কিছুটা বেড়েছিল। কিন্তু সদ্য বিগত ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি বিক্রি আবার কমেছে। গত অর্থবছরে ২ লাখ ৬০ হাজার ৭২৮ টন জ্বালানি কম বিক্রি হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ছয়টি অঙ্গ প্রতিষ্ঠান ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি করে। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে তা ৬৫ লাখ ৭৪ হাজার ৬১৩ টনে নেমে এসেছে। আগের অর্থবছরের তুলনায় ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েল ও কেরোসিনের বিক্রি কমলেও বেড়েছে অকটেন ও জেট এ-১ বিক্রি। পণ্য বিক্রিতে শীর্ষে রয়েছে পদ্মা অয়েল পিএলসি। বিপিসি ও অঙ্গ প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, জ্বালানি বিক্রিতে প্রতিযোগিতামূলক অন্য বিতরণ কোম্পানিগুলোর মধ্যে ধারাবাহিক শীর্ষে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি পিএলসি। বিপিসির মোট জ্বালানি পণ্য বিক্রির ৪০ শতাংশের বেশি বিক্রি করেছে পদ্মা। বিগত অর্থবছরে পদ্মা অয়েল ২৬ লাখ ৬৪ হাজার ৯০৫ টন পণ্য বিক্রি করেছে। এতে আগের অর্থবছরের চেয়ে প্রায় ৩৯ হাজার টন বেশি জ্বালানি বিক্রি করেছে পদ্মা অয়েল।



