tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশফের বিতর্কে ভালুকার এমপি বাচ্চু, বিএনপির শোকজ

ফের বিতর্কে ভালুকার এমপি বাচ্চু, বিএনপির শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১ সেপ্টেম্বর ২০২৪ ফখর উদ্দিন আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৪ অক্টোবর ২০২৫ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়।

তবে সদস্যপদ ফিরে পাওয়ার পরও তিনি এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে বলে নোটিশে জানানো হয়েছে। এসব অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ফখর উদ্দিন আহমেদ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও ভালুকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ বিষয়ে ফখর উদ্দিন আহমেদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।