tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিবন্যাকবলিত শিক্ষার্থীদের কথা বিবেচনায় পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

বন্যাকবলিত শিক্ষার্থীদের কথা বিবেচনায় পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে চলমান পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া উচিত।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, বন্যার কারণে গ্রামের পর গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ দুর্যোগে শিক্ষার্থীরাও চরম ভোগান্তির মধ্যে রয়েছে। অনেকের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া বা নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোও সম্ভব নয়। তাই তাদের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে কয়েকদিনের জন্য পরীক্ষা পেছানো প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপর্যায় সার্বিক বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি প্রত্যাশা করেন।

রিজভী জানান, স্থানীয় প্রশাসন বন্যা মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় দায়িত্বশীলভাবে কাজ করছে। তবে এ সংকটকালে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে কোনো মানুষ খাদ্যসংকটে না পড়ে এবং প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, বন্যায় বিপুলসংখ্যক গবাদিপশু ও হাঁস-মুরগির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারি ও পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ সাহেদ, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।