জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতিও পতিত আওয়ামী লীগ সরকারের মতো হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কোনোভাবেই দিল্লির তাবেদারিতে চলবে না এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে সারজিস আলম বলেন, তিনি শুধু ব্যক্তিগত যোগ্যতায় প্রধানমন্ত্রী হননি; দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর বিএনপির প্রতি মানুষের আবেগ, প্রত্যাশা ও বিশ্বাস থেকেই তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। সেই জনসমর্থনের মর্যাদা রক্ষা করতে হলে জনগণের প্রত্যাশা পূরণ এবং জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও দায়িত্ব বর্তমান সরকারের হাতে তুলে দিয়েছে, তা রক্ষা করতে পারলে ভবিষ্যতেও তাদের সমর্থন পাওয়া সম্ভব। তবে সেই আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হলে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়িত না হলে, আগামী নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন হারাতে পারে।
জুলাই অভ্যুত্থানের চেতনা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে দেশজুড়ে পদযাত্রা ও পথসভার আয়োজন করছে।
বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জ্বীমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ এবং দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক।



