নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত অপর তিন শ্রমিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, ১৭ হাজার টাকার বিনিময়ে সড়ক কেটে ওই বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার চুক্তি হয়েছিল। এ কাজের জন্য অগ্রিম ২ হাজার টাকা দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস ঠিকাদারের মাধ্যমে কয়েকজন শ্রমিককে নিয়ে গভীর রাতে কাজ শুরু করা হয়।
তিনি বলেন, মাটি খুঁড়ে গ্যাস পাইপে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক দগ্ধ হন। গুরুতর আহত আরিফুল ইসলামকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



