বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলাফল তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত করে দেয়।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে গেলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দু—রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে যাচ্ছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনা নকআউট পর্বে মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের।
এইচ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। তাই শেষ রাউন্ডের ম্যাচগুলোর ফলাফলের ওপরই নির্ভর করছে মেসিদের পরবর্তী প্রতিপক্ষ। আগামী ৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।
আরও একটি বিশেষ দিক হলো, হার্ড রক স্টেডিয়ামটি লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের ক্লাব ইন্টার মিয়ামির সাবেক হোম ভেন্যু হিসেবে পরিচিত। ফলে পরিচিত পরিবেশেই নকআউট পর্বের যাত্রা শুরু করবে আর্জেন্টিনা।
এদিকে ‘এইচ’ গ্রুপে এখনো চলছে হিসাব-নিকাশ। শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে, আর অন্য ম্যাচে লড়বে সৌদি আরব ও কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কে হবে।



