সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর আবারও আলোচনায় এসেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন)। সংস্থাটির সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় রয়েছেন ৬০ জন বাংলাদেশি। বিশ্বব্যাপী এ তালিকায় মোট ৬ হাজার ৪৪৪ জন পলাতক ও অভিযুক্ত ব্যক্তির নাম রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত ব্যক্তির সংখ্যা প্রকাশিত ওয়ান্টেড তালিকার চেয়ে বেশি। নিরাপত্তাজনিত কারণে সব রেড নোটিশধারীর নাম প্রকাশ করা হয় না। তবে এসব তথ্য সদস্যভুক্ত দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নেটওয়ার্কে সংরক্ষিত থাকে।
ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হলেও তার নাম প্রকাশ্য ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যাতে আত্মগোপনে যেতে না পারে, সে কারণে নাম প্রকাশ থেকে বিরত থাকে সংস্থাটি।
বর্তমানে প্রকাশিত ৬০ বাংলাদেশির বিরুদ্ধে হত্যা, মানব পাচার, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অস্ত্র, পর্নোগ্রাফি ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের কেউ বাংলাদেশের অনুরোধে, আবার কেউ বিদেশি রাষ্ট্রের অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে খোঁজা হচ্ছে।
যেসব দেশ বাংলাদেশি নাগরিকদের সন্ধান চেয়েছে, তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইসওয়াতিনি ও বেলজিয়াম। বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, হত্যা চেষ্টা, মুদ্রা জালিয়াতি, অস্ত্র অপরাধ, যৌন নির্যাতন, অর্থ তছরুপ ও চোরাচালান।
অন্যদিকে, বাংলাদেশের অনুরোধে খোঁজা হচ্ছে একাধিক হত্যা মামলার আসামি, মানব পাচারকারী চক্রের সদস্য, জালিয়াতি, নির্যাতন, অস্ত্র ও পর্নোগ্রাফি মামলার অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে দেশে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বর্তমানে বিশ্বের ১৯৬টি দেশের সদস্যভুক্ত একটি আন্তর্জাতিক সংস্থা। বৈশ্বিক নিরাপত্তা জোরদার করতে সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ ও অপরাধ তদন্ত সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে থাকে।



