tanaka
প্রচ্ছদখেলামেসির হ্যাটট্রিকের পর পিয়ার্স মরগানের মন্তব্যে নতুন বিতর্ক

মেসির হ্যাটট্রিকের পর পিয়ার্স মরগানের মন্তব্যে নতুন বিতর্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ এক বার্তা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে লিওনেল স্ক্যালোনির দল। তিনটি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি, যা তাকে আবারও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন মেসি। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।

ম্যাচের ১৭তম মিনিটে গোলের সূচনা করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। মাঠ ছাড়ার সময় দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন পেতেও দেখা যায় আর্জেন্টাইন তারকাকে।

ম্যাচ শেষে মেসি বলেন, “পরিবার, সতীর্থ এবং যারা সবসময় আমার পাশে ছিল, তাদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে পারা সত্যিই বিশেষ। আমরা কঠিন একটি ম্যাচ জিতেছি এবং বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করাটা সবসময় গুরুত্বপূর্ণ।”

সমর্থকদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। মেসির ভাষ্য, “তারা আবারও প্রমাণ করেছে আর্জেন্টিনা ফুটবল নিয়ে কতটা আবেগপ্রবণ। স্টেডিয়ামজুড়ে তাদের সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে।”

নিজের দীর্ঘ ও সফল ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে মেসি বলেন, “এখন যা কিছু উপভোগ করছি, সবই অতিরিক্ত প্রাপ্তি। পেশাগত ও ব্যক্তিগত জীবনে আমি স্বপ্নের চেয়েও বেশি কিছু অর্জন করেছি।”

তবে ম্যাচের পর মেসির হ্যাটট্রিকের পাশাপাশি আলোচনায় উঠে আসে ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানের একটি মন্তব্য। দীর্ঘদিন ধরেই ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থক হিসেবে পরিচিত মরগান সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির পারফরম্যান্সের প্রশংসা করলেও একটি ঘটনায় তার কঠোর সমালোচনা করেন।

মরগানের দাবি, ম্যাচ চলাকালে আলজেরিয়ার খেলোয়াড় মেন্দির ওপর করা একটি ফাউলের জন্য মেসির লাল কার্ড দেখা উচিত ছিল। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “গত রাতে মেসির পারফরম্যান্স অসাধারণ ছিল। কিন্তু মেন্দির ওপর বুটের স্পাইক উঁচিয়ে করা বিপজ্জনক ফাউলের জন্য তাকে মাঠ থেকে বের করে দেওয়া উচিত ছিল। সে হলুদ কার্ডও পায়নি, যা একেবারেই হাস্যকর। ওই ঘটনায় প্রতিপক্ষের পা ভেঙে যেতে পারত।”

তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক সমর্থক অভিযোগ করেন, মেসির রেকর্ডগড়া পারফরম্যান্সের দিনেও মরগান নেতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করেছেন।

এদিকে ইএসপিএনের বিশ্লেষক নেডুম অনুওহা ও আলে মোরেনোও ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ফাউলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পুনর্বিবেচনার জন্য রেফারির কাছে পাঠাতে পারত।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের বড় একটি অংশ মরগানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। একজন সমর্থক এক্সে লিখেছেন, “মানুষ আপনি, অসুস্থ!” আরেকজনের মন্তব্য, “কান্না শুরু করার জন্য এখনো অনেক সময় আছে।”

আরেক সমর্থক লেখেন, “পিয়ার্স, মহানকে সম্মান করতে শিখুন। এতে আপনার কোনো ক্ষতি হবে না।” কেউ কেউ আবার দাবি করেন, মেসির অসাধারণ পারফরম্যান্সকে আড়াল করতেই এমন মন্তব্য করা হয়েছে।

একজন সমর্থক লিখেছেন, “মেসির প্রশংসা করার ভান করার প্রয়োজন নেই। আপনি মেনে নিতে পারছেন না যে আবারও আলোচনার কেন্দ্রে মেসি।” অন্য একজনের মতে, “এত সামান্য ও অনিচ্ছাকৃত ফাউলকে লাল কার্ডযোগ্য বলা অবিশ্বাস্য। এতে শুধু এটিই স্পষ্ট হয়েছে যে আপনি বিশ্বের সেরা ফুটবলারকে মাঠের বাইরে দেখতে চান।”

এখন ফুটবলপ্রেমীদের নজর ঘুরে গেছে মরগানের প্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মুখোমুখি হবে পর্তুগাল। রোনালদো কেমন পারফরম্যান্স করেন, সেটিই এখন দেখার অপেক্ষা।