চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই ভোট আয়োজন শুরু হতে পারে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাজেটের প্রাপ্যতার ভিত্তিতে ধাপে ধাপে নির্বাচনগুলো আয়োজন করা হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সব উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা বর্তমানে ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে পানি পরিশোধন ও গুণগত মান পরীক্ষা করা হয় এবং প্রতিদিন ৪০ থেকে ৫০টি নমুনা পরীক্ষা করা হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে চুক্তির আওতায় আনার কার্যক্রম চলছে। প্রক্রিয়া শেষ হলে পরিবেশবান্ধব ছোট কাভার্ড ভ্যানে বর্জ্য অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যারের নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনলাইন পেমেন্ট ও ব্লকচেইন প্রযুক্তি যুক্ত থাকবে, ফলে তথ্য পরিবর্তনের রেকর্ড সহজে শনাক্ত করা যাবে।
এদিকে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, যুবসমাজকে মোবাইল আসক্তি, মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি জেলায় কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে যুবসমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখতে প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির একটি প্রকল্পের ডিপিপি প্রস্তুত করা হয়েছে এবং এর সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে।



