চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। মাঠের লড়াই শুরুর সঙ্গে সঙ্গে চলছে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নানা বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী। এখনও টুর্নামেন্টে অভিযান শুরু করেনি কয়েকটি শীর্ষ দল, যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। তবে শিরোপা জয়ের সম্ভাব্য দাবিদারদের তালিকায় শুরু থেকেই আলোচনায় রয়েছে এই তিন দল।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই। তার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চারটি জনপ্রিয় চ্যাটবটকে একই প্রশ্ন করা হয়—২০২৬ ফিফা বিশ্বকাপ জিতবে কোন দল?
মজার বিষয় হলো, চারটি চ্যাটবটই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে একই দলের নাম উল্লেখ করেছে। তালিকায় ছিল চ্যাটজিপিটি, ক্লাউড, গুগল জেমিনি এবং কোপাইলট। প্রত্যেকের মূল্যায়নে শীর্ষে রয়েছে স্পেন। দ্বিতীয় স্থানে রাখা হয়েছে ফ্রান্সকে।
চ্যাটজিপিটির মতে, বর্তমান পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেনই সবচেয়ে বড় ফেভারিট। গুগল জেমিনিও একই মত দিয়েছে। তাদের বিশ্লেষণে স্পেন এগিয়ে থাকলেও ফ্রান্স খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
ক্লাউড জানিয়েছে, ৪৮ দলের এই বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের। ফ্রান্সও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হলেও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। তরুণ তারকা লামিন ইয়ামালের উপস্থিতি দলটিকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছে এআই প্ল্যাটফর্মটি। তবে টুর্নামেন্টের অনিশ্চয়তার কথাও স্মরণ করিয়ে দিয়েছে তারা।
একই ধরনের মূল্যায়ন দিয়েছে কোপাইলটও। তাদের মতে, বেটিং মার্কেট, ডেটা মডেল ও সাম্প্রতিক র্যাঙ্কিং বিশ্লেষণ করলে স্পেনকে সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে দেখা যায়। শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ, যা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বোচ্চ। শক্তিশালী স্কোয়াড এবং ইউরো চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও তাদের পক্ষে কাজ করছে।
সব মিলিয়ে চারটি এআই চ্যাটবটের বিশ্লেষণে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। তবে বাস্তবতা হলো, বিশ্বকাপের মতো বড় আসরে আগাম কোনো হিসাবই নিশ্চিত নয়। মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি।
এদিকে আজ সোমবার রাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে স্পেন। প্রতিপক্ষ কেপ ভার্দে। ইউরোপের চ্যাম্পিয়নরা কি বড় জয় দিয়ে মিশন শুরু করতে পারবে, সেটাই এখন দেখার অপেক্ষা।



