রাজধানীর চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় দফার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানান্তরের আওতায় থাকা চারটি বাস টার্মিনাল হলো— ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী আন্তঃনগর বাস টার্মিনাল।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল যাবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল স্থানান্তরিত হবে কাঁচপুরে। অন্যদিকে মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়া হবে, পরে স্থায়ীভাবে টঙ্গির কাছে স্থানান্তর করা হবে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, ঢাকার যানজট কমাতে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে স্থানান্তরের তাগিদ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের অংশ হিসেবে বিভিন্ন স্থানে এআই-নিয়ন্ত্রিত ক্যামেরা ও ট্রাফিক সিগন্যাল স্থাপনের ইতিবাচক ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান সাংবাদিকদের বলেন, যানজট নিরসনে হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে দীর্ঘদিন ধরে বিপুল বিনিয়োগ হয়েছে এবং জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলে তা নেতিবাচক দৃষ্টান্ত হবে। তাই প্রকল্পটিকে কীভাবে উন্নত করে কার্যকর গণপরিবহন করিডোর হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, মহাখালী এলাকায় যানজট কমাতে টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর ব্যবস্থা করা হবে। বাসগুলো শুধু যাত্রী ওঠানামার সময় টার্মিনালে আসবে। একইভাবে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধান বাস্তবায়নের কাজও চলছে। আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালু করা হবে বলেও জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হবে। হকারদের উচ্ছেদ না করে কীভাবে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর বাসের দীর্ঘক্ষণ অবস্থান রোধে প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



