tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকায় চলাচলকারী সব বাস একটি একক ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতের দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস ব্যবস্থা নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত হয়ে আসছে। এর ফলে প্রতিদিন যাত্রীদের যানজট, দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা দুর্ভোগের মুখোমুখি হতে হয়। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনওরকমে বাসে উঠতে পারলেও, নারী, শিশু ও বয়স্কদের জন্য তা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

এছাড়াও উল্লেখ করা হয়, রুট পরিকল্পনা ও পরিচালনায় অদক্ষতার কারণে ঢাকার যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।

এই পরিস্থিতি মোকাবেলায় সব বাসকে একক ব্যবস্থাপনার আওতায় আনা হবে বলে জানানো হয়। প্রতিটি পরিবহন কোম্পানিকে নির্দিষ্ট রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এতে রুট শৃঙ্খলা ফিরে আসবে, যানজট হ্রাস পাবে, ভাড়ায় প্রতারণা বন্ধ হবে এবং পরিবহন ব্যবস্থা আরও কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাসে ওঠা নিয়ে যাত্রীদের আর হুলস্থুল কিংবা ঠেলাঠেলির সম্মুখীন হতে হবে না। রাজধানীর লাখো মানুষের জন্য বাসযাত্রা হবে আরও সহজ, দ্রুত ও আরামদায়ক।