ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে রাজধানী মেক্সিকো সিটিতে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে বৃহস্পতিবার নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর ইএসপিএনের।
সরকারি ঘোষণায় জানানো হয়, মেক্সিকো সিটির সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সেদিন শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘরে বসে কাজের (রিমোট ওয়ার্ক) ব্যবস্থা চালু করা হয়েছে।
এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অপ্রয়োজনীয় কার্যক্রমে নিয়োজিত কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।
প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচকে কেন্দ্র করে যাতে নগরীতে অতিরিক্ত যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো শহরবাসী এবং বিশ্বকাপ উপলক্ষে আগত দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও যাতায়াত ব্যবস্থা আরও সহজতর করা।
বিশেষ এই ব্যবস্থা শুধুমাত্র উদ্বোধনী দিনের জন্য কার্যকর থাকবে। ওই দিন মেক্সিকো তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে।



