স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে নতুন খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রণীত আচরণবিধিতে প্রথমবারের মতো প্রার্থিতা বাতিলের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
খসড়াটি রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য পাঠানো হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এ বিষয়ে মতামত দিতে বলা হয়েছে দলগুলোকে।
বুধবার (১০ জুন) ইসির উপসচিব মো. হুমায়ুন কবীরের সই করা এক চিঠির মাধ্যমে খসড়া আচরণবিধি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়।
খসড়ায় নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এতে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ যানবাহনের মাধ্যমে নির্বাচনী প্রচার চালানোর অনুমতিও দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালানোর বিধান রাখা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের আদলে স্থানীয় সরকার নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। নতুন এই বিধান নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।



