মেসেজিং ও কলিং অ্যাপ বলতে আমরা সাধারণত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের কথা ভাবি—যেগুলোর প্রতিটিতে লগইনের জন্য প্রয়োজন পড়ে ফোন নম্বর। তবে এবার এই প্রচলিত নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছেন টেক উদ্যোক্তা ইলন মাস্ক।
তিনি নিয়ে এসেছেন এক নতুন মেসেজিং প্ল্যাটফর্ম—‘এক্সচ্যাট’, যা ব্যবহার করতে হবে ফোন নম্বর ছাড়াই।
ফোন নম্বর ছাড়াই চ্যাট ও কল
এক্সচ্যাটে ব্যবহারকারীরা সহজেই মেসেজ পাঠানো, অডিও ও ভিডিও কল করতে পারবেন, কোনো ফোন নম্বর ছাড়াই।
সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনতা
এই অ্যাপে ব্যবহার করা হয়েছে বিটকয়েনের মতো উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা নিশ্চিত করবে তথ্যের নিরাপত্তা। বার্তা পাঠানোর পর চাইলে তা উভয় পক্ষের চ্যাট থেকে মুছে ফেলা যাবে।
ক্ষণস্থায়ী বার্তা
টেলিগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো, এখানে পাঠানো বার্তাগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
সহজ ফাইল শেয়ারিং
ছবি, ডকুমেন্ট বা অন্যান্য ফাইল সহজেই আদান-প্রদান করা যাবে।
পাসকোড সুরক্ষা
ব্যবহারকারীদের গোপনতা রক্ষায় থাকছে চার ডিজিটের পাসকোড সিস্টেম ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন।
এখনই ব্যবহার করা যাবে কি?
বর্তমানে অ্যাপটির বিটা ভার্সন চালু করা হয়েছে কেবল নির্দিষ্ট কিছু পেইড ব্যবহারকারীর জন্য। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
ইলন মাস্ক একে “একেবারে নতুন ধরনের অ্যাপ” হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, এক্সচ্যাট সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো প্রতিষ্ঠিত মেসেজিং অ্যাপগুলোর সঙ্গে।
যদি মাস্কের প্রতিশ্রুতি অনুযায়ী এক্সচ্যাট কার্যকর হয়, তাহলে মেসেজিং অ্যাপের জগতে এটি হতে পারে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা। সূত্র: ফোর্বস



