বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বয়কটকারীরাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে নির্বাচন কমিশন, সরকার কিংবা বিএনপির মধ্যে কোনো সংশয় নেই। কোন দল নির্বাচনে অংশ নেবে না, তা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তবে যারা বয়কট করবে, তারাই রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বে বলে মনে করেন তিনি।
সালাহউদ্দিন আরও বলেন, “জুলাই সনদের অঙ্গীকারনামার কিছু বিষয় বিএনপির কাছে অযৌক্তিক মনে হয়েছে। আমরা বিকল্প প্রস্তাব উপস্থাপন করব এবং ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশনের আলোচনার সুযোগ থাকবে। সংবিধানের ঊর্ধ্বে কোনো শর্ত বিএনপি মেনে নেবে না।”
তিনি আশা প্রকাশ করেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলো একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাবে। সাংবিধানিক সংস্কারও ঐকমত্যের ভিত্তিতেই সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সংসদ নির্বাচনের আগে কোনো সাংঘর্ষিক বিধান কার্যকর না করে, নির্বাচনের পর বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর পক্ষেও মত দেন সালাহউদ্দিন।
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকার বৈধভাবে দায়িত্ব পালন করছে, এ ধারাবাহিকতায় জটিলতা সৃষ্টি করা বিএনপির উদ্দেশ্য নয়। তবে যে সরকারই আসুক, বিচার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
জোট প্রসঙ্গে বিএনপির এ নেতা জানান, কিছু ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে, তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। “আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী, তবে আমাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট,”— বলেন সালাহউদ্দিন।



