সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পাশাপাশি অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কেয়ারগিভার ও ভাষা প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (৬ জুন) রাজধানীর ইস্কাটনের পুলিশ কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজকল্যাণ ও জনসেবামূলক কার্যক্রমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দেশের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। নিরাপদ রক্ত সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগের ফলে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, দুর্ঘটনা এবং জরুরি অস্ত্রোপচারের রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহ সহজ হবে।
তিনি বলেন, “রক্ত একটি জীবনরক্ষাকারী উপাদান। এর সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যত উন্নত হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি।”
অ্যাডভোকেসি কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, জুনের পর রাজধানী ঢাকা থেকে সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হবে। পরবর্তীতে তা দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।
তিনি গণসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিক ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সামাজিক সমস্যা মোকাবিলায় প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন।
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের মানবিক উদ্যোগগুলোর প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, “আমরা একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই। দেশের উন্নয়ন ও সুনাম বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সমাজে বিদ্যমান অন্যায়, মাদকাসক্তি, জুয়া, নারী ও শিশু নির্যাতনের মতো সমস্যাগুলো দূর করতে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হুসাইন ফকির এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন। এছাড়া বক্তব্য দেন পিডিজি ড. ইশতিয়াক এ. জামান, রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাব ডিরেক্টর মো. সালাহ উদ্দিন এবং ক্লাবের সভাপতি ডা. লুবনা শারমিন।



