দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। সর্বশেষ মৃত্যুবরণকারী পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯১ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৬৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
এদিকে, একদিনে নতুন করে ২৪৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হওয়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৫০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



