বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার (৫ জুন) উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশদূষণের উৎসগুলো যথাযথভাবে শনাক্ত করে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্বের কোনো বিকল্প নেই।
বক্তব্যে তিনি বাংলাদেশের পরিবেশবান্ধব উদ্যোগ ও সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন সবুজ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতি-ভিত্তিক সমাধান (Nature-based Solutions) এবং বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন (Ecosystem-based Adaptation) কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জিইএফের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সমরখন্দে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৮৬টি দেশের প্রতিনিধি, খ্যাতনামা পরিবেশবিদ, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ু অর্থায়ন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা চলছে।



