ঢাকা, ২৬ আগস্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আজ মঙ্গলবার সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। এই দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রতিনিধিরা রয়েছেন।
অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নিয়েছে। তাদের দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সম্মেলনে উভয় পক্ষ সীমান্ত হত্যা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নমূলক কাজ, সীমান্ত নদী রক্ষা এবং যৌথ নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও, সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের কারণে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, চার দিনের এই সম্মেলন ২৮ আগস্ট সকালে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবং সেদিনই ভারতীয় প্রতিনিধিদল দেশে প্রত্যাবর্তন করবেন।



