প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করতে শিগগিরই মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রস্তুতি চলছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য নতুন মুখদের মধ্যে নারায়ণগঞ্জের এক তরুণ সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে তিনি পরিচিত।
এ ছাড়া নরসিংদী থেকে একজন, নেত্রকোনা থেকে একজন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একজন নারী সংসদ সদস্যকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
অন্যদিকে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একজন জ্যেষ্ঠ বিএনপি নেতাকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, খুলনা, ঢাকা ও বৃহত্তর পাবনা অঞ্চল থেকেও কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের কোনো সদস্যকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার বিষয়েও আলোচনা চলছে।
মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনের সম্ভাবনাও রয়েছে। এ নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
এরই মধ্যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় একজন মন্ত্রীর পদত্যাগের ঘটনায় মন্ত্রিসভার ভেতরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।
তবে দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে শুধুই শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছে।
এদিকে তার পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।



