পেজেশকিয়ানে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তাসনিমের বরাতে একটি সূত্র জানায়, “পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি। তিনি আজও নিয়মিতভাবে তার দায়িত্ব পালন করেছেন এবং পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো যথারীতি বাস্তবায়িত হবে।”
সূত্রটি আরও দাবি করে, প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে ছড়ানো গুঞ্জনের উদ্দেশ্য হলো বিভ্রান্তি সৃষ্টি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইরানের সামাজিক ঐক্য ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করা।
এ ছাড়া একই সূত্রের ভাষ্য, ‘ইরান ইন্টারন্যাশনাল’ যেসব তথাকথিত সূত্রের উদ্ধৃতি দিয়েছে, সেগুলো বাস্তব তথ্যের ওপর নয়; বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমান ও ভ্রান্ত ধারণার প্রতিফলন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তাসনিম নিউজের প্রতিবেদন সেই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।



