প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সামনে একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময়কে যথাযথ গুরুত্ব না দিয়ে অবহেলা করলে এর নেতিবাচক প্রভাব দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়তে পারে।
রোববার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময়কে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। অন্যথায় ক্ষতির বোঝা বহন করতে হবে দেশকে এবং আগামী প্রজন্মকে।
তিনি বলেন, জিয়াউর রহমান তাঁর সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলেন। তাঁর নেতৃত্বে দেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছিল এবং জনগণের কাছে বাংলাদেশ ও জিয়ার নাম প্রায় সমার্থক হয়ে উঠেছিল। সেই আদর্শ ও কর্মপন্থা অনুসরণ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজে বর্তমানে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ জাগ্রত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



