দেশজুড়ে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৩৩ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৫ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, বরিশাল বিভাগে ১৪০ জন এবং খুলনা বিভাগে ৯৮ জন শিশু ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১০৩ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭৩ দিনে সারাদেশে মোট ৬৭ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৪৬৩ জন। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জনের শরীরে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৯ হাজার ৯০৩ জন।
বুধবার (২৭ মে) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ৪৭২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।



