tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে মুসলমানরা ঈদের নামাজ আদায়, কুরবানি এবং হজের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

ঈদের আগের দিন মঙ্গলবার পালিত হয় হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৬ লাখ হাজি আরাফাতের ময়দানে সমবেত হয়ে দোয়া, ইবাদত ও তওবায় মশগুল হন। ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর।

এদিন নামিরা মসজিদে হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় অবস্থান করেন এবং মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনার বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা। পরে হাজিরা কুরবানি ও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। হজযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও যাতায়াত নির্বিঘ্ন রাখতে সৌদি কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা।