পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। অতিরিক্ত যানবাহন, টানা বৃষ্টি, সড়ক দুর্ঘটনা এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ মে) ভোররাত থেকেই যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত দীর্ঘ এলাকায় যানবাহন কোথাও ধীরগতিতে চলাচল করছে, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা স্থির হয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।
মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে, বাস না পেয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে গন্তব্যে রওনা হয়েছেন। এ ছাড়া স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
টানা বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ায় যানবাহনের গতি আরও কমে গেছে। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে মোটরসাইকেলে যাত্রা করা মানুষদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।
সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, সেতুর দুই প্রান্তে তীব্র যানবাহনের চাপ থাকলেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতভর বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
টাঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন জানান, অতিরিক্ত গাড়ির চাপ ও বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।



