সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২৫ মে) ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত এক দলীয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি দলীয় নির্দেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও অতীতের মতো পেটুয়া বাহিনীর ভূমিকায় ফিরে যাচ্ছে। তার দাবি, পোস্টিং, পদোন্নতি ও বদলির ভয় দেখিয়ে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাই, আপনারা ৫ আগস্ট ও জুলাইয়ের ঘটনাগুলো মনে রাখুন। জনগণের বিরুদ্ধে গিয়ে দলীয় বাহিনীতে পরিণত হলে অতীতের মতোই পরিণতি ভোগ করতে হবে। জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নেওয়া ঠিক হবে না।”
সংবাদ সম্মেলনে সদ্য কারামুক্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম ওরফে তারেক রেজা, সাইদ মোস্তাফিজ, শাহরিন ইরা, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিচার বিভাগের প্রসঙ্গে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা করছে। তাঁর অভিযোগ, বিচার বিভাগের আলাদা সচিবালয় বিলুপ্ত করে সেটিকে আইন মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে।
তিনি দাবি করেন, এই পদক্ষেপের ফলে বিচারকদের পোস্টিং ও পদোন্নতির প্রক্রিয়া “অস্ত্র” হিসেবে ব্যবহার করে তাদের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারাদেশে পরিস্থিতির অবনতি ঘটছে। শিশু মৃত্যুর হার ও নির্যাতনের ঘটনা বেড়েছে বলে উল্লেখ করে তিনি সরকারের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।



