tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলামালদ্বীপকে ১১ গোল দিল ভারত

মালদ্বীপকে ১১ গোল দিল ভারত

একসময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে একচ্ছত্র আধিপত্য ছিল ভারতের। তবে গত দুই আসরে সেই শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেই শক্তির জানান দিল ভারতীয় নারীরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে নিয়ে রীতিমতো গোল উৎসব করেছে ভারত। গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

ফিফা র‌্যাঙ্কিংয়েও দুই দলের ব্যবধান স্পষ্ট। ভারত রয়েছে ৬৯ নম্বরে, আর মালদ্বীপের অবস্থান ১৬৭তম। সেই পার্থক্যের প্রতিফলন দেখা গেছে পুরো ম্যাচজুড়েই। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত।

ম্যাচের ১০ মিনিটে প্রিয়াঙ্কা দেবীর গোলে এগিয়ে যায় ভারত। ১৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। এরপর আরও তিন গোল করে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে ভারত। ৫২তম মিনিটে বদলি খেলোয়াড় কারিশমা গোল করে স্কোরলাইন ৬-০ করেন। এরপর দুর্দান্ত নৈপুণ্য দেখান আভেকা সিং। প্রথমার্ধে একটি গোল করা এই তরুণী দ্বিতীয়ার্ধে আরও তিনবার মালদ্বীপের জালে বল জড়িয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। সব মিলিয়ে ২২ বছর বয়সী আভেকা করেন চার গোল।

আভেকার চার গোলের পাশাপাশি প্রিয়াঙ্কা ও কারিশমা জোড়া গোল করেন। সব মিলিয়ে ভারতের ছয়জন ফুটবলার গোলের দেখা পান। তাতেই ১১-০ গোলের বিশাল জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিকরা।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে মুখোমুখি হয়েছিল নেপাল ও ভুটান। একই ভেন্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে নেপাল।