জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে এবং এটি একটি আন্তর্জাতিক পর্যটন ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিতি পায়।
মন্ত্রী আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি একদিকে গজল, হামদ ও নাত রচনা করেছেন, অন্যদিকে শ্যামাসংগীত, কীর্তন ও ভজনও লিখেছেন। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তার অবদান অনন্য।
তিনি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে একটি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং নতুন বিভাগ চালুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।
সভায় মন্ত্রী মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের স্থান পরিবর্তন করে ইতিহাস মুছে ফেলা যায় না—ইতিহাস নিজের অবস্থানেই অটুট থাকে বলে তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত অগ্রগতি তুলে ধরেন।
এ সময় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জানান, ত্রিশালে এবার পাঁচ দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তীর আয়োজন করা হচ্ছে, যা এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন হতে যাচ্ছে। এতে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



