tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিসংগঠন চাঙ্গা করতে নেতাদের সঙ্গে বসছেন তারেক রহমান

সংগঠন চাঙ্গা করতে নেতাদের সঙ্গে বসছেন তারেক রহমান

সরকার গঠনের পর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। দলের শীর্ষ ও অঙ্গসংগঠনের অনেক নেতাই এখন এমপি ও মন্ত্রী হওয়ায় মাঠের রাজনীতিতে আগের মতো সক্রিয়তা নেই বলে মনে করছেন নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা দলটির সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড।

এর অংশ হিসেবে আজ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত এ মতবিনিময় সভা চলবে।

দলীয় সূত্র জানিয়েছে, এই বৈঠকে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, তৃণমূলের মতামত এবং ভবিষ্যৎ সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হবে। তিন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকরাও উপস্থিত থাকবেন। জেলা বিএনপির নেতারাও এতে অংশ নেবেন।

বিএনপি চাইছে জাতীয় কাউন্সিলের আগেই জেলা ও অঙ্গসংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করতে। এ কারণে আগামী এক থেকে দুই মাসের মধ্যে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নতুন নেতৃত্ব আসতে পারে বলে আলোচনা রয়েছে। যুবদলের পূর্ণাঙ্গ কমিটিও শিগগির ঘোষণা হতে পারে। ইতোমধ্যে ১৫১ সদস্যের একটি প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি তারেক রহমানের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সাংগঠনিক শক্তি আরও বাড়ানো প্রয়োজন। সে লক্ষ্যেই ঢাকার দুই মহানগরসহ সারাদেশে বিএনপির বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, কমিটি গঠনের সিদ্ধান্ত হাইকমান্ডের বিষয়। সংগঠনের জন্য তিনি সর্বোচ্চ দিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন।

দলীয় নেতারা জানিয়েছেন, নতুন নেতৃত্ব বাছাইয়ে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, মামলা-হামলার শিকার হওয়া এবং সাংগঠনিক ধারাবাহিকতাকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে— এমন কাউকে নেতৃত্বে না আনার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি।

বিশেষ করে তরুণ ও সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের কাজ এগোচ্ছে। বর্তমানে সম্ভাব্য নেতাদের তালিকা যাচাই-বাছাই চলছে। ঈদের আগে বা পরে নতুন কমিটি ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ছাত্রদল সাম্প্রতিক বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে আশানুরূপ ফল করতে না পারায় সংগঠনটির নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পর থেকেই তৃণমূল পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়। বিএনপি এখন নতুন রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিবেচনায় রেখে ছাত্রদলের নেতৃত্ব পুনর্গঠনের চিন্তা করছে।

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সংগঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, সেটির প্রতিই তাদের আস্থা রয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বর্তমানে সারাদেশের ছাত্রদলের কমিটি পুনর্গঠনের কাজ চলছে। চেয়ারম্যান চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।