দেশে হামের প্রাদুর্ভাব পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, একই সময়ে সারা দেশে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৯১ শিশু। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ৩১৬ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৫১।
এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ৭৭০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২ হাজার ৬৩৯ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ শিশু।



