জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে বাজারে সয়াবিন তেল, চিনি, ডালসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টিতে নতুন করে কিছু পণ্যের সরবরাহে টান পড়েছে। সেগুলোর দামও এখন বাড়ছে। সবমিলে বাজারে গিয়ে বেশ অস্বস্তিতে পড়ছেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষেরা।
সীমিত আয়ের মানুষেরা বলছেন, রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে তাদের নাভিশ্বাস চরমে পৌঁছেছে। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বিভিন্ন নিত্যপণ্যের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।খিলগাঁও তালতলা মার্কেটের একজন ক্রেতা আমিনুর রহমান বলেন, বাজারে এলে মনে হয় পকেট ডাকাতি হচ্ছে। সবজির চড়া দাম শুনে যখন ডিম কিনতে গেলাম, দেখি সেখানেও আগুন। গত সপ্তাহে যে ডিম ১৩০ টাকা ডজন কিনলাম, আজ তা ১৫০ টাকা চাচ্ছে।তিনি বলেন, আমাদের মতো সাধারণ মানুষের এখন ‘নুন আনতে পান্তা ফুরায়’ অবস্থা। চড়া দামের কারণে ভালো মাছ-মাংস, এমনকি সোনালি মুরগিও বাজারের তালিকা থেকে বাদ পড়েছে। এখন ব্রয়লার, পাঙাশ বা ডিম ভর্তাও খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সবজির দাম আগে থেকেই চড়া, এর মধ্যে নতুন করে যোগ হয়েছে ডিম ও চালের বাড়তি দর। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে অন্তত ১৫ থেকে ২০ টাকা। চালের দামও কেজিতে বেড়েছে ১ থেকে ২ টাকা।
অন্যদিকে, ভোজ্যতেলের দাম বাড়লেও খুচরা পর্যায়ে মুনাফা কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকটের নতুন শঙ্কা তৈরি হয়েছে। অনেক দোকানে এখনো তেল মিলছে না। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ার পর চিনি ও মসুর ডালের মতো বেশ কিছু অতি প্রয়োজনীয় মুদি পণ্যের দাম বেড়েছে।একই সঙ্গে বাজারের প্যাকেটজাত গুঁড়া মসলা, পোলাওয়ের চালসহ আরও কিছু পণ্যের দাম বেড়েছে গত দু-তিন সপ্তাহে।
সকালে রাজধানীর খিলগাঁও তালতলা, সেগুনবাগিচা, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ১৫-২০ টাকা বেড়ে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। আগে এই ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় মিলতো। আর গত রোজার মধ্যে ছিল ১১০ টাকা ডজন।বাজারে আলু পেঁপে ছাড়া অন্য প্রায় সব সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় ৮০ টাকার উপরে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, যখনই সবজির দাম বাড়ে, তখন নিম্নআয়ের মানুষ প্রোটিনের চাহিদা মেটাতে ডিমের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই বাড়তি চাহিদাকে পুঁজি করে বাজারে ডিমের দাম হু হু করে বাড়ছে।
আরেক প্রোটিনের উৎস ব্রয়লার মুরগির কেজি ১৮৫-১৯০ টাকায় স্থিতিশীল থাকলেও সোনালি মুরগি ৩৪০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সেগুনবাগিচা কাঁচাবাজারের বিক্রেতা আব্দুর রহিম বলেন, বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলা থেকে সবজির সরবরাহ কমে গেছে। ফলে দামও বাড়তি। সবজির দাম বেশি হওয়ায় মানুষ এখন ডিম বেশি কিনছে। গত দুদিনে লাফিয়ে লাফিয়ে ডিমের দাম বেড়ে এখন ১৫০ টাকায় ঠেকেছে। তবে সে তুলনায় ব্রয়লার মুরগির দাম ঠিক আছে।



