ঢাকার ব্যস্ত সড়কে ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয় থেকে রওনা হয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রেস উইংয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিনের কাজ শেষে সচিবালয় থেকে বের হয়ে স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই স্টিয়ারিং ধরেন তিনি। বৃষ্টিভেজা ঢাকার সড়কে স্বাভাবিকভাবেই যানজট পেরিয়ে সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। পথে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে গিয়ে কিছু সময় যানজটে আটকে থাকেন প্রধানমন্ত্রীর গাড়ি। এ সময় আশপাশের যানবাহনের যাত্রীরা তাকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথমবার, যখন স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালালেন তারেক রহমান। এর আগে গত বছর লন্ডনে তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তার মা বেগম খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে নিজ বাসভবনে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন।
এদিকে, মানবিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার প্রান্তে নিজের গাড়িবহর থামিয়ে একটি এম্বুলেন্সকে আগে যাওয়ার সুযোগ করে দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বহরের পেছনে একটি এম্বুলেন্স আটকে থাকতে দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন যেন সেটিকে দ্রুত যেতে দেওয়া হয়। তার নির্দেশে বহর থামিয়ে এম্বুলেন্সটির জন্য পথ ছেড়ে দেওয়া হয়।



