পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, এই নির্বাচনে বিজেপি ভোট লুট করেছে। একইসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, তার দল তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে।
চতুর্থবারের মতো ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়া মমতা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি কমিশনকে ‘বিজেপির কমিশন’ হিসেবে আখ্যা দেন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়েও অনেক বেশি আসনে এগিয়ে রয়েছে, আর তৃণমূল কংগ্রেস পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এই নির্বাচনে বিজেপির জয়কে ‘অবিশ্বাস্য’ বলেও উল্লেখ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে দলটির সাফল্য অনেকের কাছেই কঠিন বলে বিবেচিত ছিল। তথ্যে দেখা যায়, বিজেপি ১৬৫টি আসনে জয় পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের চেয়েও বেশি। পাশাপাশি আরও ৪৩টি আসনে এগিয়ে রয়েছে দলটি।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ১০০টিরও বেশি আসন ‘লুট’ করেছে। তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, “এটা কোনো নৈতিক বিজয় নয়, বরং অনৈতিকভাবে অর্জিত ফলাফল।” তার দাবি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব মিলে বেআইনি প্রভাব বিস্তার করেছে। তবুও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে।



