tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকএবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন তৈরি করেছে নাইজেরিয়া

এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন তৈরি করেছে নাইজেরিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরান বা ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ তুরস্ক নয়—নিজস্ব প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করতে এবার বড় পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর ড্রোন এবং আধুনিক যুদ্ধক্ষেত্র প্রযুক্তি উন্মোচনের মাধ্যমে দেশটি বিদেশি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতার পথে এগোচ্ছে।

আবুজাভিত্তিক প্রতিষ্ঠান টেরা ইন্ডাস্ট্রিজ সম্প্রতি একাধিক ইন্টারসেপ্টর ড্রোন ও যুদ্ধক্ষেত্র-সংশ্লিষ্ট প্রযুক্তি উন্মোচন করেছে। দেশটির সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নাইজেরিয়া এখন নিজস্ব সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা কমাতে ব্যাপক উদ্যোগ জোরদার করছে।

নতুন প্রযুক্তির মধ্যে রয়েছে—ইন্টারসেপ্টর ড্রোন, মাইন শনাক্ত ও অপসারণে সক্ষম মানববিহীন যান, এবং কাউন্টার-ইনসার্জেন্সি অভিযানের জন্য উন্নত গোয়েন্দা সফটওয়্যার।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ন্যাথান নওয়াচুকু জানান, ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবিলার লক্ষ্যেই এসব প্রযুক্তি তৈরি করা হয়েছে। বিশেষ করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং ড্রোনভিত্তিক হামলার ঝুঁকি সংঘাতপূর্ণ এলাকাগুলোতে বাড়ছে।

এই পরিস্থিতিই দেশটিকে প্রতিরক্ষা নীতিতে পরিবর্তনের দিকে ঠেলে দিচ্ছে। ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অব নাইজেরিয়া (ডিকন), যা সামরিক উৎপাদন তদারকি করে, তারা স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দিচ্ছে, যাতে সামরিক সক্ষমতা বৃদ্ধি পায়।

ডিকনের মেজর জেনারেল বাবাতুন্দে আলায়া বলেন, স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি উন্নয়ন এখন সময়ের দাবি।

আফ্রিকায় স্থানীয় ড্রোন উদ্যোগ

নাইজেরিয়া এখন আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। সরকার ও বেসরকারি খাত উভয়ই স্থানীয় উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে, যার লক্ষ্য নিরাপত্তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধি।

গত এপ্রিল মাসে ডিকন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে স্বয়ংক্রিয় সিস্টেম, ট্যাকটিক্যাল সরঞ্জাম এবং সাইবার সমাধানের উৎপাদন লাইন সম্প্রসারণ শুরু করে। এই উদ্যোগে প্রযুক্তি হস্তান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে, যা স্থানীয় প্রকৌশল দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

এর আগে মার্চে নাইগাস ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এলমিরেট ইনভেস্টমেন্ট প্রায় ২০০ মিলিয়ন ডলারের একটি সমঝোতা স্মারকে সই করে। এর লক্ষ্য—নাইজেরিয়ার প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি।

আরও আগে, ২০২৩ সালে এলিটস লজিস্টিকস অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস দেশটিতে স্থানীয়ভাবে সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজন কার্যক্রম শুরু করে, যা আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

সূত্র: দ্য ডিফেন্স পোস্ট