tanaka
প্রচ্ছদজাতীয়এজেন্সির প্রতারণায় নিঃস্ব হয়ে ফিরছেন সৌদি প্রবাসীরা

এজেন্সির প্রতারণায় নিঃস্ব হয়ে ফিরছেন সৌদি প্রবাসীরা

‘যাওয়ার পর থেকেই আমি অবৈধ। যে এজেন্সির মাধ্যমে গেছি, তারা আর কোনো খোঁজ নেয়নি। পালিয়ে থেকে কত দিন কাজ করা যায়? শেষ পর্যন্ত নিজেই পুলিশের কাছে ধরা দিই। ছয় মাস জেল খেটেছি। এখন শূন্য হাতে দেশে ফিরলাম।’

চাঁদপুরের রাসেল আহমেদের কণ্ঠে তখন হতাশা আর ক্ষোভ। শুধু গায়ের কাপড় আর একটি মোবাইল ফোন নিয়ে গত ১৯ আগস্ট সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। তার সঙ্গে ফিরেছেন আরও ১৮ জন বাংলাদেশি।

ভালো বেতনের চাকরির প্রলোভনে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন রাসেলের মতো অনেকে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রতারণার শিকার হয়ে কেউ জেল খেটেছেন, কেউবা আবার পাসপোর্ট ও ইকামা না পেয়ে অবৈধভাবে জীবনযাপন করতে বাধ্য হয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, রিক্রুটিং এজেন্সিগুলো লাখ লাখ টাকা নিয়ে স্বপ্ন দেখায় উন্নত চাকরির। কিন্তু সৌদি পৌঁছানোর পর কাজের কোনো খবর থাকে না। নির্ধারিত বেতন তো দূরের কথা, কাজই জোটে না। অনেকেই বৈধ কাগজ না পেয়ে অবৈধ হয়ে পড়েন, জীবন কাটে চরম অনিশ্চয়তায়।

রাসেল বলেন, ‘যদি জানতাম কাজ পাব না, অবৈধ থাকতে হবে—তাহলে কখনো যেতাম না। এলাকার এক দালালের মাধ্যমে “কাকলি” নামে এক এজেন্সির সঙ্গে যোগাযোগ হয়। তারা মিথ্যা আশ্বাস দিয়ে সৌদিতে পাঠায়। যাওয়ার পর থেকেই তারা আর ফোন ধরেনি। তিন বছর ওভাবে কাটিয়ে ফিরলাম। খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকা।’